সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুতে একটি ম্যাক্স গাড়িতে আগুন ধরে দুই আরোহী ঘটনাস্থলেই পুড়ে মারা গেছেন।
শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বঙ্গবন্ধু সেতুর ১৯ নম্বর পিলারের কাছে উত্তরবঙ্গগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় যানচলাচল বন্ধ হয়ে সেতুর দুপাশেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
নিহতরা হলেন নীলফামারী জেলার ডিমলা উপজেলার মজনু (৩৩) ও একই উপজেলার রমজান আলীর ছেলে নজরুল ইসলাম (৩৪)।
বঙ্গবন্ধু সেতুর ট্রাফিক কন্ট্রোল রুম (টিসিআর) সূত্র জানায়, শনিবার রাত ৩টার দিকে বঙ্গবন্ধু সেতুর ওপর উত্তরবঙ্গগামী লেনে একটি ম্যাক্স গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এ সময় শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাস একটি লরিকে পেছন থেকে ধাক্কা দেয়।
এতে গাড়িতে আগুন ধরে গেলে দুজন দগ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
আহত হন আরো সাতজন।
আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া আগুনে পুড়ে যাওয়া দুজনের মরদেহ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপপরিদর্শক আরিফুল রহমান জানান, দুর্ঘটনাকবলিত পরিবহন দুটি উদ্ধারের পর সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল শুরু হয়।
এর আগে সেতুর ওপর গাড়িতে আগুন লাগায় সেতুর দুপাশের মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
গতকাল সকাল ৮টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোল প্লাজা থেকে কড্ডার মোড় পর্যন্ত মহাসড়কে এক লেনজুড়ে যানজট থাকে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন খবরটি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরো জানান, শনিবার রাতে বঙ্গবন্ধু সেতুর ওপর আগুন লাগার ঘটনার পর থেকেই মহাসড়কে থেমে থেমে যানবাহন চলাচল করেছে।
গতকাল সকালের পর কিছুটা কমে গাড়ির চাপ।










