নাটোরে আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ দেয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ইউপি চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল দুপুরে নাটোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম ফারুক ইউপি চেয়ারম্যানের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে যাওয়া ইউপি চেয়ারম্যানের নাম শওকত রানা লাবু (৩৮)। তিনি জেলার গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদের স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান।
আদালত সূত্রে জানা যায়, নাজিরপুরের চন্দ্রপুর গ্রামের মকছেদ আলীর ছেলে জালাল উদ্দিন শেখ বাদী হয়ে গত ১ ডিসেম্বর নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত রানা লাবুসহ দুজনের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, চেয়ারম্যান মো. শওকত রানা লাবু আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ দেয়ার কথা বলে তার কাছ থেকে ৫০ হাজার টাকা নেন। পরে তাকে ঘর দেয়া হয়নি এবং টাকাও ফেরত দেয়া হয়নি। একই অভিযোগ তিনি প্রধানমন্ত্রীর কাছেও পাঠান। থানার মামলাটি বর্তমানে তদন্তাধীন। চেয়ারম্যান হাইকোর্ট থেকে এ মামলায় আট সপ্তাহের জন্য আগাম জামিন নেন। আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ার পর গতকাল তিনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।









