লক্ষ্মীপুরে থেকে নিখোঁজের তিনদিনেও সন্ধান মেলেনি মো. হুমায়ুন কবির (৩০) নামে এক যুবকের। আজ রবিবার (১০ জানুয়ারি) দুপুর পর্যন্ত সন্ধান পায়নি নিখোঁজের পরিবার। হুমায়ুন সদর উপজেলার বাঙাখাঁ ইউনিয়নের অলিপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি হামদর্দ ল্যাবরেটরিজের ঢাকাস্ত মেঘনাঘাট নিউ টাউন এলাকার উৎপাদন কর্মী হিসেবে কাজ করেন।
এঘটনায় শনিবার (৯ জানুয়ারী) রাতে হুমায়ুনের বাবা লক্ষ্মীপুর সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন। এর আগে গতকাল শুক্রবার (৮ জানুয়ারী) বিকেলে বাড়ি থেকে জকসিন বাজার আসার পথে নিখোঁজ তিনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি পরিবার।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত দুই মাস পূর্বে হুমায়ুনের সাথে সদর বাঙাখাঁ ইউনিয়নের অলিপুর গ্রামের পাশ্ববর্তী আলা উদ্দিনের মেয়ে খাদিজা বেগমের বিয়ে হয়। নতুন বৌ ঘরে তুলতে গত ২৭ ডিসেম্বর ছুটি নিয়ে গ্রামের বাড়ি আসেন হুমায়ুন। রীতি মেনে ৩১ ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে নতুন বৌ ঘরে তোলেন তিনি। কিন্তু হঠাৎ করেই গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে নিজ প্রয়োজনে বাড়ি থেকে জকসিন বাজারের উদ্দেশে রওনা হয়ে নিখোঁজ হন হুমায়ুন। পরে রাতে তার মোবাইল ফোনে একাধিকবার কল করেও বন্ধ পাওয়া যায়। এসময় আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবারটি।
এনিয়ে হুমায়ুনের অনুপুস্থিতিতে নববধূসহ পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েছেন। উপায় না পেয়ে তারা থানায় ডায়েরি করেছেন।
সূত্রে আরো জানা যায়, নিখোঁজের সময় হুমায়ুনের গায়ে ফুলহাতা শার্ট ও পরোনে জিন্সের প্যান্ট ছিল। তার মাথায় চুল কম, গায়ের রঙ- শ্যাম বর্ণের এবং উচ্চতায় ৫ ফুট ৫ ইঞ্জি। কোন ব্যক্তি হুমায়ুন কবিরের সন্ধান পেলে পরিবারের সদস্যদের নম্বর (০১৭৮০৩৩৯০২৫, ০১৭৭৭৬৪৫৬৩৭) বা সংশ্লিষ্ট থানায় জানানোর অনুরোধ করা হয়।
এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজের কারণ জানা যায়নি। তবে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ইতোমধ্যে মোবাইল প্রযুক্তির মাধ্যমে তার সন্ধানের চেষ্টা করা হচ্ছে।










