মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বারাহী জান্নাকান্দি গ্রামে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে একটি ঘর থেকে একরাম মোল্লা (৪০), তার স্ত্রী প্রিয়াঙ্কা ও দেড় বছরের মেয়ে অ্যালিজার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, একরাম মোল্লার মরদেহ ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া যায়। ঘরের ভেতর পড়ে ছিল তার স্ত্রী ও মেয়ের মরদেহ। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একরাম মোল্লা তার স্ত্রী ও সন্তানকে মাথায় আঘাত করে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি এখনো তদন্তাধীন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, একরাম মোল্লা কিছুদিন আগে প্রবাস থেকে দেশে ফিরেছিলেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা জানা যায়নি।

পুলিশ মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।