আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার পরিকল্পনা রয়েছে।

আজ রোববার (৯ নভেম্বর) বিকালে রাজধানীর গ্রিন রোডে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে ঢাকা-১০ আসনের ভোটার স্থানান্তরের আবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ঢাকা থেকে নির্বাচন করব, এটা মোটামুটি নিশ্চিত। সেই জায়গা থেকে নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসা, ভোটটা যেন অপচয় না হয়।

আরো আগে ভোটার হলেও এখনো কোনো নির্বাচনে ভোট দিতে পারেননি বলে জানান এ উপদেষ্টা। বলেন, ভোটার হওয়ার পর দুটি নির্বাচন হয়েছে ২০১৮ এবং ২০২৪ সালে। এ সময়ে কেউই ভোট দিতে পারেনি। ভোট দিতে যেন পারি সেটা নিশ্চিত করলাম।

আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে কোনো আসন নিয়ে আলোচনা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, আমার কারো সঙ্গে কোনো আলোচনা হয়নি। কেউ কোনো আসন ফাঁকা রাখলো কি না, সেটা আমার জানার বিষয় না। ব্যক্তিগতভাবে আমার সিদ্ধান্ত, এককভাবেই নির্বাচন করব।

কোন দল থেকে নির্বাচন করবেন এমন প্রশ্নে তিনি বলেন, এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করার। তারপরে দেখা যাক। ঢাকা-১০ নির্বাচনী এলাকার ভোটার কেন হলেন, জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, সরকার থেকে পদত্যাগের পর ধানমন্ডি এলাকায় থাকার পরিকল্পনা আছে। যেখানে থাকব, সেখানেই ভোটার হওয়া।