সিলেট অঞ্চলে ভয়াবহ বন্যার কারণে স্থগিত এসএসসি পরীক্ষা ৮৭ দিন পর আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। এবার এসএসসিতে সিলেট শিক্ষা বোর্ডের অধীনে সিলেট বিভাগের ৯৩০ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ লাখ ১৬ হাজার ৪৮৮ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৪৯ হাজার ৫১৭ এবং ছাত্রী ৬৬ হাজার ৯৭১ জন। ছাত্রের চেয়ে ১৭ হাজার ৪৫৪ বেশি ছাত্রী এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে। তবে গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৪ হাজার ৭০৪ জন। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল এ তথ্য জানিয়েছেন।
সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা গিয়েছে, পরীক্ষার সময় সকাল ১০টার পরিবর্তে ১১টায় নির্ধারণ করা হয়েছে। সে সঙ্গে পরীক্ষার সময় ৩ ঘণ্টার পরিবর্তে ২ ঘণ্টা নির্ধারণ করা হয়েছে। বিকালে থাকছে না কোনো পরীক্ষা। এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজার ৩০৩, মানবিকে সর্বাধিক ৮৪ হাজার ২২৯ এবং ব্যবসায় বিভাগ থেকে ৮ হাজার ৮৯৫ পরীক্ষার্থী। পরীক্ষায় অংশ নেয়া ৯৩০ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সিলেট জেলায় ৩৫৮, হবিগঞ্জে ১৬৭, মৌলভীবাজারে ১৮৭ এবং সুনামগঞ্জে ২১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
সিলেট শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক কবির আহমদ জানান, এসএসসি পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন করতে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে।
১৯ জুন এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বন্যার কারণে তা স্থগিত করা হয়।










