বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্সের পক্ষ থেকে গতকাল দেয়া এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি দেশে ছেলে ও মেয়ে শিশুদের ধর্ষণ ও হত্যাসহ একাধিক নির্মম সহিংসতার ঘটনা ঘটেছে। যেসব স্থানে শিশুদের সবচেয়ে নিরাপদ থাকার কথা, সেখানেই তারা সহিংসতার শিকার হয়েছে।

বিবৃতিতে ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলা হয়, চলতি বছর নারী ও শিশুদের ওপর যৌন ও নির্মম সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে, যা শিশু ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা জোরদারের প্রয়োজনীয়তা সামনে এনেছে।

ইউনিসেফের মতে, অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতি বন্ধ করতে হবে। পাশাপাশি প্রতিরোধ ব্যবস্থা, অভিযোগ দায়ের, প্রাতিষ্ঠানিক সুরক্ষা, শিশুবান্ধব পুলিশ ও বিচার ব্যবস্থা এবং সামাজিক সেবার ঘাটতি দূর করা জরুরি।

বিবৃতিতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি বলা হয়, ভুক্তভোগী ও তাদের পরিবারের ছবি, ভিডিও বা ব্যক্তিগত তথ্য প্রকাশ থেকে বিরত থাকতে হবে। সমাজে নীরবতা বজায় থাকলে সহিংসতা আরো ছড়িয়ে পড়ে উল্লেখ করে ইউনিসেফ শিশু, নারী, পরিবার ও সমাজের মানুষকে যেকোনো সহিংসতা বা নির্যাতনের বিরুদ্ধে মুখ খোলার আহ্বান জানিয়েছে। প্রয়োজনে চাইল্ড হেল্পলাইন ১০৯৮-এ যোগাযোগ করার পরামর্শও দেয়া হয়েছে।

ইউনিসেফ বলছে, প্রতিটি শিশুরই সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার এবং গণমাধ্যমে উপস্থাপনের ক্ষেত্রেও পূর্ণ সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে।