নেই কোনো বৈধ পেশা। নিজেকে প্রধানমন্ত্রীর পিএস-১ হিসেবে পরিচয় দিয়ে সরকারের বিভিন্ন দপ্তর, আর্থিক প্রতিষ্ঠানসহ নানা মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে আবদুল মতিন নামে এক প্রতারক। ব্যাংক-বিকাশের মাধ্যমে অর্থ আদায় করে হাতিয়ে নিয়েছে অসহায় মানুষের লাখ লাখ টাকা। এ প্রতারককে ইয়াবা ও জাল নোটসহ আটক করেছে র্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের সদস্যরা।
গতকাল দুপুর ১২টায় লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামের র্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্প। জেলার রামগতি চরগাজী ইউনিয়নের চর আফজাল গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-১১ সিপিসি-৩-এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন জানান, রামগতির চর আফজাল গ্রামের মৃত আব্দুর রবের ছেলে আবদুল মতিন দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। নিজের দুটি জাতীয় পরিচয়পত্র তৈরি করে প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আদায় করে আসছিল মতিন। খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব। এ সময় তার বসতঘর থেকে ৫০ পিস ইয়াবা, ১ লাখ ৩৯ হাজার টাকার জাল টাকা, প্রতারণার কাজে ব্যবহূত দুটি সীল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১০টি ভুয়া প্যাড, দুটি খামসহ অন্যান্য আলামত জব্দ করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে। এ ঘটনায় আটক ওই প্রতারকের বিরুদ্ধে তিনটি মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানান তিনি।










