চট্টগ্রামের হাটহাজারীতে ব্যবসায়ী আব্দুল হাকিম হত্যা মামলায় আরো ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৯ নভেম্বর) রাতে রাউজানের নোয়াপাড়া চৌধুরীহাটসহ বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মো. আব্দুল্লাহ খোকন ওরফে লেংড়া খোকন, মো. মারুফ, জিয়াউর রহমান, মো. সাকলাইন হোসেন, মো. সাকিব ও শাহেদ। তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি রিভলভার, গুলি, দেশে তৈরি বন্দুক, একটি এলজি ও হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল বলেন, মদুনাঘাট ব্রিজের কাছে ব্যবসায়ী হাকিম হত্যায় ব্যবহৃত অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গত ৭ অক্টোবর বিকালে ব্যবসায়ী আব্দুল হাকিম নিজের গাড়িতে করে শহরে ফিরছিলেন। মদুনাঘাট ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতনামা কয়েকজন সন্ত্রাসী তার গাড়ির সামনে এসে হঠাৎ গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয়।
ঘটনার পর চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ ও হাটহাজারী থানা যৌথভাবে তদন্ত শুরু করে। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, রাউজান এলাকার বালু মহাল নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে।










