লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বলেছেন, অদক্ষ ব্যক্তি একটি কাজ একবারেই করতে পারে না। তিনবার চেষ্টার পর কাজটি সম্পন্ন করতে পারে। কিন্তু একজন দক্ষ ব্যক্তি একবারেই কাজটি সম্পন্ন করতে পারে। সব কাজেই দক্ষতার কোনো বিকল্প নেই।
‘মুজিব বর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান’
এ স্লোগানে লক্ষ্মীপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, অনেকেরই দক্ষতা না থাকার কারণে দালালের খপ্পরে পড়ে অবৈধ পথে বিদেশ যাত্রা করছেন। কিন্তু ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে নৌকা ডুবে প্রাণ হারাচ্ছেন। এতে ধ্বংস হচ্ছে তার পরিবার, নষ্ট হচ্ছে দেশের ভাবমূর্তি। অথচ দক্ষতা অর্জন করলে বৈধ পথেই বিদেশ গিয়ে ভালো আয় করা যায়।
জেলা প্রশাসক বলেন, বিদেশে ভালো সেক্টরগুলোয় দেখা যায় ভারতসহ বিভিন্ন দেশর দক্ষ কর্মীরা নিয়োজিত। অথচ সেখানে বাংলাদেশী কর্মীরা পিছিয়ে। তার একটাই কারণ দক্ষতা। দক্ষতা না থাকার কারণে বাংলাদেশীরা বৈধ পথে বিদেশ যেতে পারে না। তাই তারা অবৈধ পথে পাড়ি দিতে গিয়ে পথেই মারা পড়ছে, যা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে। এর প্রভাব পড়ছে দক্ষ শ্রমিকদের ওপরও। নিজের নিরাপত্তা ও দেশের সুনাম রক্ষার্থে সরকারি বা বেসরকারি যেকোনোভাবেই হোক সব ক্ষেত্রেই দক্ষতা অর্জন করে বৈধ পথে বিদেশ অভিবাসনের আহ্বান জানান তিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, লক্ষ্মীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মো. মাহবুবুর রশিদ তালুকদার, লক্ষ্মীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আবু জাফর।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় তিনজন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক।










