সিলেটের গোলাপগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। গতকাল সকাল ৯টার দিকে সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়কের রাণাপিং মিনা সেন্টারের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের উত্তর চক্রবানী গ্রামের হাজী মস্তাকিম আলীর ছেলে লুত্ফুর রহমান (৭২) ও তার স্ত্রী জেলি বেগম (৬০) এবং জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের তোপখানা গ্রামের সুনা মিয়ার ছেলে ইউনুস মিয়া (২৮)।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, গতকাল সকাল ৯টার দিকে ঘটনাস্থলে চারখাই থেকে সিলেটগামী সিএনজিচালিত অটোরিকশা ও সিলেট থেকে বিয়ানীবাজারগামী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আরেকজন যাত্রীকে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।