নারায়ণগঞ্জের আড়াইহাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা লাল মিয়ার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুট করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মুক্তিযোদ্ধা পরিবারের ছয় সদস্য আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার আড়াইহাজার পৌরসভার মুকুন্দী এলাকায়। এ ঘটনায় গতকাল দুপুরে আড়াইহাজার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে পুলিশ জানায়।
অভিযোগ সূত্রে ও হামলার শিকার পরিবারের সদস্যরা জানান, বুধবার মুক্তিযোদ্ধা লাল মিয়ার ছেলে নূর হোসেনের সঙ্গে কলা ক্রয় করা নিয়ে দোকানি সবুজের তর্কবিতর্ক হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রাতে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির টিনের বেড়া কুপিয়ে ভেতরে প্রবেশ করে লাঠি ও হকিস্টিক দিয়ে নারী এবং শিশুসহ ছয়জনকে পিটিয়ে আহত করে।
বীর মুক্তিযোদ্ধা লাল মিয়া জানান, সন্ত্রাসীরা ঘরে ঢুকে আলমারিসহ বিভিন্ন আসবাব ভাংচুর করে স্বর্ণালংকারসহ কয়েক লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে যায়। হামলার ঘটনায় আহতরা হলেন লাল মিয়ার স্ত্রী নাসরিন আক্তার (৫০), ছেলে নূর হোসেন (২৬), পুত্রবধূ নিলুফা (২৫) ও রিতা (২০), নাতি শিশু আয়াজ (২) ও অপূর্ব (১৩)। আহতদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, ‘এ ঘটনায় মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দেয়া হয়েছে।









