কোরবানির পশুর হাটে ভেটেরিনারি চিকিৎসক হিসেবে দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সাভার কেন্দ্রীয় কৃত্রিম প্রজনন ল্যাবরেটরির উপপরিচালক ডা. মোহাম্মদ মাহবুবুল আলম (ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন)। আজ বেলা ১১টার দিকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মাহবুবুল আলম ২৪তম বিসিএস (লাইভস্টক) ক্যাডারের কর্মকর্তা ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মামুন হাসান।
তিনি বণিক বার্তাকে বলেন, ‘পশুর হাটগুলোয় ভেটেরিনারি চিকিৎসকরা দায়িত্ব পালন করছেন। উপপরিচালক ডা. মাহবুবুল আলম চিকিৎসকদের একটি দলের সঙ্গে সাভার রেডিও কলোনি কোরবানির পশু হাটে ছিলেন। এসময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নেয়ার পথেই তিনি ইন্তেকাল করেন।’
ডা. মাহবুবুল আলমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শোকবার্তায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বলেন, কর্মজীবনে ডা. মোহাম্মদ মাহবুবুল আলমের পেশাদারিত্ব, মানবিকতা এবং সহকর্মীদের প্রতি সদয় আচরণ তাকে প্রাণিসম্পদ পরিবারের কাছে অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধার পাত্রে পরিণত করেছিল। তার অকাল প্রয়াণে প্রাণিসম্পদ অধিদপ্তরসহ সমগ্র কৃষি ও প্রাণিসম্পদ সেক্টরে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।
মন্ত্রী ও প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।










