টেকনাফের নাফ নদীতে মাছ ধরার সময় গুলি চালিয়ে তিন বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। সোমবার (১২ মে) দুপুরে টেকনাফের লেদা সংলগ্ন নাফ নদীতে এ ঘটনা ঘটে। অপহৃত জেলেরা হলেন—সিদ্দিক হোসেন (২৭), রবিউল আলম (২৭) ও মাহমুদ হোসেন (৩০)। তারা তিনজনই কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদা এলাকার লামারপাড়া গ্রামের বাসিন্দা।
হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, ‘নাফ নদীতে মাছ ধরতে যাওয়া স্থানীয় তিন জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এর আগে একইদিন সকালে তারা মাছ ধরতে গেলে আরাকান আর্মির সদস্যরা গুলি চালায়। পরে ধাওয়া করে জেলেদের ধরে নিয়ে যায়। এ ঘটনায় জেলেদের পরিবারে উৎকণ্ঠা বেড়েছে।’
স্থানীয় জেলে মহিউদ্দিন জানান, ‘তিন জেলে নৌকায় করে নাফ নদীতে যায়। দুপুরে হঠাৎ মিয়ানমার সীমান্ত থেকে আরাকান আর্মির সদস্যরা গুলি চালায়। পালানোর চেষ্টাকালে তারা ধাওয়া করে নৌকাসহ জেলেদের ধরে নিয়ে যায়। এ সময় আশপাশে থাকা জেলেরা নিরাপদে পালিয়ে আসে।’
এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।”









