বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, পালিয়ে গিয়ে শেখ হাসিনা রাজনীতিতে নিকৃষ্ট নজির স্থাপন করেছেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) মিরপুরে শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ থেকে কোনো সরকার প্রধান নির্লজ্জের মতো নেতাকর্মীদের রেখে পালিয়ে যায়নি। দীর্ঘ ১৫ বছরে আওয়ামী স্বৈরাচার নিজেদের অভিশপ্ত কর্মকাণ্ডের মাধ্যমে দেশের সব মানুষকে জিম্মি করে রেখেছিল। শুধু আওয়ামী লীগ ও তাদের দোসররা ছিল জালিম আর সবাই ছিল মজলুম। ক্ষমতার অপপ্রয়োগ, অধিকার হরণ, জুলুম, নির্যাতন, গুম, খুন এমনকি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিকিয়ে দেয়াসহ হেন কোনো কাজ নেই, যা তারা করেনি। এ ভয়ংকর স্বৈরাচারী সরকার তার পুলিশ বাহিনীকে তৈরি করেছিল গণতান্ত্রিক শক্তিকে নিশ্চিহ্ন করার জন্য।

আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে নয়ন বলেন, আপনাদের নেত্রী তো নেই। আপনাদের রেখে পালিয়ে গেছে, আপনারা এখন তার ষড়যন্ত্রে দেশে দাঙ্গা-হাঙ্গামা করে কী করবেন? এ দেশের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে যে সফলতা বা স্বাধীনতা আমরা পেয়েছি তার মর্যাদা ধরে রাখতে হবে। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ধৈর্য ধরতে হবে। বিগত ১৫ বছরে হওয়া সব গুম, খুন ও হত্যাকাণ্ডের বিচার এবং শাস্তি নিশ্চিত করব।

বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের সঞ্চালনায় যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল, কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরজ্জামান জুয়েল, গিয়াস উদ্দিন মামুন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, গিয়াস উদ্দিন মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।