মানিকগঞ্জে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানির আয়োজন করা হয়েছে। আগামীকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ শুনানি অনুষ্ঠিত হবে। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে এটি দুদকের ১৭১তম গণশুনানি।

গণশুনানিতে প্রধান অতিথি থাকবেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। বিশেষ অতিথি থাকবেন কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ।

‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ; হবে সোনার বাংলাদেশ’ এ স্লোগানে আয়োজিত গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবাবঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগ মানিকগঞ্জ জেলার সকল সরকারি দপ্তর প্রধানের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরবেন। সেবাবঞ্চিত জনসাধারণের উত্থাপিত অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে দুদক জানিয়েছে।