রাজবাড়ীর দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুনে আটকে যাওয়ার ঘটনায় ১০ ঘণ্টা ফেরি পারাপার বন্ধ ছিল। শনিবার (২১ ডিসেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে। রোববার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

জানা গেছে, শনিবার রাত দেড়টার দিকে সংযোগ সড়ক থেকে ফেরিতে ওঠার সময় কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুনে আটকে যায়। এতে প্রাণে বেঁচে যান কাভার্ড ভ্যানের চালক ফিরোজ আহম্মেদ ও তার সহকারী।

চালক ফিরোজ আহম্মেদ বলেন, আমার গাড়ির সামনে একটি মাইক্রোবাস ছিল। সেটি সামনে এগিয়ে যাওয়ার পর আমি গাড়ি চালাই। কিন্তু হঠাৎ ব্রেক কাজ করা বন্ধ করে দেয়। ফলে গাড়িটি পন্টুনে আটকে যায়। আমার সহকারীর মাথায় আঘাত লেগেছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, রাতে ফেরিতে গাড়ি লোড করার সময় দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি যাতে নদীতে পড়ে না যায় এবং আরো বড় ধরনের ক্ষতি না হয়, তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৭ নম্বর ঘাটের ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে গাড়িটি উদ্ধার করা হলে ফেরি পারাপার স্বাভাবিক হয়।