পতিত সরকার লুটপাট করে পালিয়ে যাওয়ার পর দেশের অর্থনীতি যে সচল থাকল, তার কৃতিত্ব প্রবাসী বাংলাদেশীদের— যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বিএনপি আয়োজিত ‘যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে মতবিনিময়’ সভায় এ কথা বলেছেন ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে, গতকাল আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. তিতুমীর।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের কৃতিত্ব আরো একটু বেশি। কারণ তারা যুক্তরাষ্ট্র প্রশাসনের কাছে ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন ও মানবতাবিরোধী অপরাধের চিত্র তুলে ধরেছিল।’
তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী, বাংলাদেশী-আমেরিকানদের কাছে আমাদের প্রত্যাশা— আপনারা মূলধারার রাজনীতি ও অন্যান্য কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হন। তাহলে দেশের প্রতি আরো বড়ভাবে অবদান রাখার সুযোগ পাবেন।’
এবারের বাজেট বৈশম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট— উল্লেখ করে ড. তিতুমীর বলেন, ‘প্রধানমন্ত্রীর “আই হ্যাভ এ প্ল্যান” মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। যার মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।’










