পশ্চিমা বহুজাতিক ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান গ্ল্যাক্সোস্মিথক্লাইন, নুভিস্তা ও সানোফির পর এবার বাংলাদেশ ছাড়ছে সুইজারল্যান্ডভিত্তিক নোভার্টিস এজি। প্রতিষ্ঠানটি তাদের হাতে থাকা নোভার্টিস বাংলাদেশ লিমিটেডের (এনবিএল) ৬০ শতাংশ শেয়ারের পুরোটাই দেশীয় প্রতিষ্ঠান রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের কাছে বিক্রির জন্য চুক্তি স্বাক্ষর করেছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস বিষয়টি নিশ্চিত করেছে।
চুক্তি অনুযায়ী, নোভার্টিস বাংলাদেশ লিমিটেডের ৬০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করেছে স্থানীয় ওষুধ কোম্পানি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বাকি ৪০ শতাংশ শেয়ার যথারীতি বাংলাদেশ সরকারের হাতেই থাকবে।
সরকারের পক্ষে প্রতিষ্ঠানটিতে প্রতিনিধিত্ব করছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)।সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান নোভার্টিস এজি তাদের ব্যবসার বৈশ্বিক কৌশলের অংশ হিসাবে বাংলাদেশ চ্যাপ্টারের ব্যবসা স্থানীয় প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে। সে পরিপ্রেক্ষিতে এ চুক্তি হয়।
নোভার্টিসের এশিয়া অঞ্চলের প্রধান কেভিন জো ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লে. জে. (অব.) সিনা ইবনে জামালী চুক্তিতে সই করেন। এ সময় রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদীসহ রেডিয়েন্টের পক্ষে আরও উপস্থিত ছিলেন রেডিয়েন্ট বিজনেস কনসোর্টিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু শাহরিয়ার জাহেদী, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ সদস্য ও ফার্মাসিল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুসাওয়াত শামস জাহেদী, রেডিয়েন্ট কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. একিউএম মহিউদ্দিন ও উপ-ব্যবস্থাপনা পরিচালক তাসফিয়া জাহেদী। নোভার্টিস সুইজারল্যান্ডের পক্ষে উপস্থিত ছিলেন সায়মন ইয়াং, এরিক ক্যারিও ও ড্যানিয়েল চে।
এছাড়াও এ সময় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের পরিচালক (অর্থ) ও যুগ্মসচিব মো. আব্দুর রাজ্জাকসহ রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তির বিষয়ে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী বলেন, এ চুক্তির মাধ্যমে বাংলাদেশের ওষুধ খাতে এক নতুন দিগন্তের সূচনা হলো। যাত্রার শুরু থেকেই রেডিয়েন্ট গুণগত মানসম্পন্ন ওষুধ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করে চলেছে। এ চুক্তি রেডিয়েন্টের সেই প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।
নোভার্টিসের এশিয়া অঞ্চলের প্রধান কেভিন জো বলেন, আমাদের ব্যবসার বৈশ্বিক কৌশলের অংশ হিসেবে আমরা বাংলাদেশ চ্যাপ্টারের শেয়ার স্থানীয় কোনো স্বনামধন্য ওষুধ কোম্পানির কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছি। এ রূপান্তর প্রক্রিয়া উভয় পক্ষের জন্য মঙ্গলজনক হবে বলে আমাদের বিশ্বাস। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে আমাদের নতুন নতুন উদ্ভাবনী ওষুধের প্রাপ্যতা আরও সহজতর হবে। রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসকে আমরা আমাদের সহযোগিতা অব্যাহত রাখব।










