গত ২১ জুলাই বিএসইসির কমিশন সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে কমিশনার তানভীর হাবিব রহমান ও সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। অন্যদিকে আইএমএফের ক্লাইমেট পলিসি ডায়াগনস্টিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স মিশনের টিম লিডার সুপাচল সুপাচালাসাইয়ের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সভায় অংশ নেয়।
বৈঠকে দেশের পুঁজিবাজারে গ্রিন বন্ড, সাসটেইনেবিলিটি বন্ড এবং অন্যান্য থিমেটিক বন্ড বাজারের উন্নয়ন-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সাসটেইনেবল ফাইন্যান্স ট্যাক্সোনমির অগ্রগতি, বন্ড ইস্যুর ক্ষেত্রে ভেরিফিকেশন প্রক্রিয়া, ইমপ্যাক্ট রিপোর্টিং, এক্সটার্নাল রিভিউ ব্যবস্থার উন্নয়ন, সম্ভাব্য ইস্যুকারীদের প্রস্তুতি, বিনিয়োগকারীদের চাহিদা মূল্যায়ন এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়েও উভয় পক্ষের মধ্যকার মতবিনিময় অনুষ্ঠিত হয়।
আলোচনায় বাংলাদেশের টেকসই অর্থায়ন এবং জলবায়ু সহনশীল বিনিয়োগ ব্যবস্থা শক্তিশালী করতে পুঁজিবাজারের ভূমিকা আরো সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে আন্তর্জাতিক সর্বোত্তম চর্চার আলোকে সক্ষমতা বৃদ্ধি, নীতিগত উন্নয়ন এবং বাজার অবকাঠামো শক্তিশালীকরণের বিভিন্ন দিক নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।










