আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও তাদের পরিবারের সদস্য মিলিয়ে ২০ জনের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব জব্দ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

তথ্যানুসারে, যাদের বিও হিসাব জব্দ করা হয়েছে তারা হচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে সাফি মুদ্দাসির খান, মেয়ে সাফিয়া তাসনিম খান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, তার স্ত্রী নুরান ফাতেমা, মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদ, সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তার স্ত্রী আরিফা জেসমিন কনিকা, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, তার স্ত্রী রুকমিলা জামান, তার মেয়ে জেবা জামান চৌধুরী, তার বোন রুখসানা জামান চৌধুরী, তার আত্মীয় আনিসুজ্জামান চৌধুরী ও জারা জামান, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, তার স্ত্রী শারমিন মুস্তারী, পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ, তার স্ত্রী উম্মে কুলসুম ও তার ছেলে সাম্মাম জুনাইদ ইফতি।

এর আগে বিএসইসির পক্ষ থেকে আওয়ামী লীগ সরকারের সঙ্গে সম্পৃক্ত আরো ১৩ জনের বিও হিসাব জব্দ করা হয়েছিল। সব মিলিয়ে এখন পর্যন্ত ৩৩ জনের বিও হিসাব জব্দ করা হয়েছে। পাশাপাশি এ ৩৩ জনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিও হিসাব থাকলে সেটিও জব্দ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরই মধ্যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নির্দেশে আলোচ্য ব্যক্তিদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। পাশাপাশি তাদের বিও হিসাব জব্দের জন্য বিএসইসিকে অনুরোধ জানায় বিএফআইইউ।

এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী বণিক বার্তাকে বলেন, ‘বিএফআইইউর পক্ষ থেকে তাদের বিও হিসাব জব্দের জন্য কমিশনকে অনুরোধ করা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে কমিশন তাদের বিও হিসাব জব্দের নির্দেশ দিয়েছে।’