‘লার্ন টু লিড’ শীর্ষক সেশনটি রোববার বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইডব্লিউইউর ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান এবং ইউনিলিভার বাংলাদেশের বিজনেস ইউনিট হেড জাহিন সাজিদুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, ভবিষ্যতে করপোরেট খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী সাড়ে ৩ শতাধিক শিক্ষার্থী এ সেশনে অংশগ্রহণ করে। দিনব্যাপী এ আয়োজনের প্রথম অংশ ‘ফ্যাকাল্টি কানেক্ট সেশন’-এ ইউনিলিভারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়টির ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় একাডেমিক শিক্ষার সঙ্গে বর্তমান করপোরেট জগতের চাহিদার ব্যবধান কীভাবে কমিয়ে আনা যায় এবং কৌশলগত সহযোগিতা কীভাবে আরো বাড়ানো যায় সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

অন্যদিকে ‘দ্য মাস্টারক্লাস’ সেশনটি ছিল সম্পূর্ণ শিক্ষার্থীদের জন্য। দেশের চাকরির বাজারে অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ করপোরেট এন্ট্রি পয়েন্টে ‘ইউনিলিভার লিডার্স ইন্টার্নশিপ প্রোগ্রাম’ এবং ‘ইউনিলিভার ফিউচার লিডার্স প্রোগ্রাম’-এ অংশগ্রহণের জন্য শিক্ষার্থীরা কীভাবে নিজেদের দক্ষ ও যোগ্য করে তুলতে পারে এবং সফলতার পথে এগিয়ে যেতে পারে, সে বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়।

অনুষ্ঠানের শেষভাগে একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা করপোরেট বিশ্বে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন, ক্যারিয়ার প্রস্তুতি এবং নেতৃত্ব বিকাশ নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন।