ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্সে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন মো. ফরিদউদ্দীন আহমদকে ইউনিয়ন ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। এর আগে তিনি কয়েকটি শীর্ষ ব্যাংকে এমডি, সিইও, উপদেষ্টা ও পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
১৯৮৩ সালের ৩০ মার্চ ইসলামী ব্যাংক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রথম লগ্নেই যোগদান করেন মো. ফরিদউদ্দীন আহমদ। পরবর্তী সময়ে ১৯৭৭ সালে তিনি বাংলাদেশ ব্যাংক নিয়োগ কমিটির মাধ্যমে ব্যাংকিং পেশায় প্রবেশ ও সোনালী ব্যাংকে যোগদান করেন।
মো. ফরিদউদ্দীন আহমদ ইসলামী ধারার বিভিন্ন ব্যাংক এবং ইসলামী আর্থিক ও করপোরেট প্রতিষ্ঠানে শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান বা সদস্য হিসেবে যুক্ত রয়েছেন। তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও সম্মেলনে অংশগ্রহণ করে ইসলামিক ব্যাংকিং ও ফাইন্যান্সের ওপর গবেষণাপত্র উপস্থাপন করেন। ইসলামী ব্যাংকিংয়ে অবদান রাখায় ফরিদউদ্দীন আহমদ সেন্ট্রাল শরিয়াহ বোর্ড অ্যাওয়ার্ড লাভ করেছেন। —বিজ্ঞপ্তি










