এটি ইস্পাত ও কাঠামোর বাইরে গিয়ে শিল্পের পেছনে থাকা মানুষের শ্রম ও অবদান তুলে ধরেছে। সম্প্রতি এমজিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

জানা গেছে, একুশে পদকপ্রাপ্ত ভাস্কর অধ্যাপক হামিদুজ্জামান খান নির্মিত ‘দ্য ইন্ডাস্ট্রিয়াল ট্রি’ ভাস্কর্যটির পেছনে রয়েছে এক মর্মস্পর্শী গল্প। ২০২৪ সালে এমজিআইয়ের আমন্ত্রণে কাজ শুরু করেন তিনি। শর্ত ছিল এর রূপ হবে একটি গাছ। মাকেট তৈরি, উপকরণ বাছাই ও নির্মাণকাজ শুরু হলেও ২০২৫ সালের ২০ জুলাই এ শিল্পী মারা যান, তখনো পৃষ্ঠের কাজ অসম্পূর্ণ।

এরপর এমজিআই হামিদুজ্জামান খানের সহধর্মিণী চিত্রশিল্পী আইভি জামানকে কাজটি সম্পন্ন করার অনুরোধ জানায়। তিনি একটি শর্তে রাজি হন, তা হলো—ভাবনা থাকবে স্বামীর, আর পূর্ণতা আসবে তার হাতে। কয়েক মাস ধরে ভাস্কর্যের পৃষ্ঠ, রঙের স্তর ও ছাউনির অংশে সুনিপুণভাবে কাজ করে এটি সম্পন্ন করেন আইভি জামান।

ভাস্কর্যটি উন্মোচন উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় এমজিআই পরিচালক তানভীর আহমেদ মোস্তফা বলেন, ‘এটি শুধু দায়িত্ব হস্তান্তর নয়, বরং একসঙ্গে সৃষ্টি করার গল্প।’ তিনি জানান, ইকোনমিক জোনে করপোরেট গেট নয়, শিল্পকর্ম রাখার এ সিদ্ধান্ত ছিল সচেতনভাবে। কারণ শিল্পের ভেতরেও সংস্কৃতির জায়গা থাকতে পারে।