আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের গত সপ্তাহে ইউনিট দর বেড়েছে ১৫ শতাংশ। আলোচ্য সপ্তাহে ফান্ডটির ইউনিট দর দাঁড়িয়েছে ১১ টাকা ৫০ পয়সা, আগের সপ্তাহ শেষে যা ছিল ১০ টাকা। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২৩ হিসাব বছরের জন্য ইউনিটধারীদের জন্য আড়াই শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে ফান্ডটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ২৯ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১৩ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে ক্রয়মূল্যের ভিত্তিতে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১০ টাকা ৩৯ পয়সায়। বাজারমূল্যের ভিত্তিতে যা দাঁড়ায় ১০ টাকা ৩০ পয়সায়।
এর আগে ফান্ডটির ইউনিটহোল্ডারদের জন্য সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে ১ দশমিক ২০ শতাংশ লভ্যাংশের সুপারিশ করা হয়েছে। আলোচ্য সময়ে ফান্ডটির ইপিইউ হয়েছে ১৩ পয়সা। হিসাব বছর শেষে ক্রয়মূল্যের ভিত্তিতে ফান্ডটির এনএভিপিইউ দাঁড়িয়েছে ১০ টাকা ২১ পয়সায়। বাজারমূল্যের ভিত্তিতে যা দাঁড়ায় ১০ টাকা ১৩ পয়সায়।
২০২২ সালের ২১ সেপ্টেম্বর থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু করেছে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড। এর আগে ওই বছরের ২৮ জুন অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮২৯তম কমিশন সভায় মেয়াদি এ ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।










