সাম্প্রতিক বন্যায় দেশের অন্তত ১২টি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী দুর্গত এলাকাগুলোয় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। এ কার্যক্রমে ৫ কোটি টাকা সহায়তা দিয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি।
এ সম্পর্কে ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান বলেন, ‘একটি দায়িত্বশীল করপোরেট প্রতিষ্ঠান হিসেবে দেশের মানুষের বিপদে তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। ব্র্যাক পরিবারের সদস্য হিসেবে যেকোনো দুর্যোগে আমরা সব সময় বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াই। আমরা মানুষের সহায়তায় অঙ্গীকারাবদ্ধ।’
বন্যার্তদের জন্য অর্থ সহায়তা প্রদান প্রসঙ্গে ব্যাংকের এমডি ও সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, ‘এ অর্থ সহায়তা দেশের মানুষের প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানোর ব্যাপারে ব্র্যাক ব্যাংকের দেয়া প্রতিশ্রুতির প্রতিফলন। আমরা বিশ্বাস করি, এ অর্থ সহায়তা বন্যায় ক্ষতিগ্রস্তদের দুর্দশা লাঘবে ভূমিকা রাখবে।’ —বিজ্ঞপ্তি










