বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য মোট ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২০ শতাংশ সাধারণ বিনিয়োগকারী ও ১০ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের জন্য সুপারিশ করা হয়েছে। গতকাল এক মূল্য সংবেদনশীল তথ্যের মাধ্যমে এ তথ্য জানা গেছে। 

তথ্য অনুসারে, সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ২১ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬ টাকা ৩৭ পয়সায়।

এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৩ ডিসেম্বর বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ২৭ অক্টোবর। 

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করে বীকন ফার্মাসিউটিক্যালসের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ২১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৫ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৫ টাকা ৭২ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২৫ টাকা ৭৩ পয়সা।

২০২১-২২ হিসাব বছরে বীকন ফার্মাসিউটিক্যালসের ইপিএস হয়েছে ৪ টাকা ৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৭৪ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ২৫ টাকা ৭৩ পয়সায়।