করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় দেশের বন্যাদুর্গত এলাকায় প্রয়োজনীয় আর্থিক ও ত্রাণ সহায়তা দেয়ার ব্যাপারে সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
গতকাল দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশে কেন্দ্রীয় ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের (এসএফডি) পরিচালক চৌধুরী লিয়াকত আলী স্বাক্ষরিত সার্কুলারে এ নির্দেশনা দেয়া হয়।
সার্কুলারে বলা হয়েছে, এসএফডি সার্কুলার নং-১, ৯ জানুয়ারি ২০২২-এর মাধ্যমে জারীকৃত সিএসআর গাইডলাইন্সের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। সম্প্রতি ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির কারণে, বিভিন্ন অঞ্চল ও রাস্তাঘাট প্লাবিত হওয়াসহ ঘরবাড়ি, ফসল ও গবাদি পশুর ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। অন্যদিকে, অতিবৃষ্টির ফলে খাগড়াছড়ি জেলায়ও বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। আকস্মিক ফ্ল্যাশ ফ্লাড, অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে ওই অঞ্চলগুলোর মানুষ আশ্রয়হীন হয়ে মানবেতর জীবনযাপন করছে।
এ অবস্থায় আলোচ্য সার্কুলারে বর্ণিত নির্দেশনার আলোকে করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলের অসহায় জনগোষ্ঠীর সাহায্যার্থে অবিলম্বে প্রয়োজনীয় আর্থিক সহায়তা ও ত্রাণসামগ্রী সংগ্রহের প্রয়োজন হবে। বিধায় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে এ অর্থ প্রদান করা যেতে পারে।
সার্কুলারে আরো বলা হয়েছে, এ-সংক্রান্ত ব্যয় এসএফডি সার্কুলার নং-৫, তারিখ: ২৩ নভেম্বর ২০২৩-এর মাধ্যমে জারীকৃত ‘রিপোর্টিং ফরম্যাট’-এর অন্যান্য খাতের আওতায় ‘ডিজাস্টার ম্যানেজমেন্ট’ উপখাতে প্রদর্শন করার জন্যও আপনাদের পরামর্শ দেয়া হলো।










