বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগী হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব)। গতকাল শনিবার (৩১ আগস্ট) ঢাকা বিভাগের সদস্য সংস্থাগুলোর প্রতিনিধির সঙ্গে এডাব কার্যনির্বাহী পরিষদ সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় এডাব চেয়ারপারসন আব্দুল মতিন সভাপতিত্ব করেন।


এ সময় বক্তারা বলেন, এডাব শুরু থেকেই বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের কাজ করে আসছে। সুতরাং ছাত্র-জনতার বর্তমান বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে এডাবের নৈতিক সমর্থন রয়েছে। উপস্থিত প্রতিনিধিরা দল নিরপেক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে একযোগে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। রোববার (১ সেপ্টেম্বর) এডাবের পরিচালক একেএম জসীম উদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

সভায় ঢাকা বিভাগের প্রায় সব জেলা থেকে এডাব জেলা কার্যনির্বাহী পরিষদ সভাপতি ও সদস্য-সচিবরা অংশগ্রহণ করেন। এডাব কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সদস্যদের মধ্য থেকে সভায় উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারপারসন মাজেদা শওকত আলী; কোষাধ্যক্ষ মাসুদা ফারুক রত্না; মো. ইয়াকুব হেসেন; মো. নাসির উদ্দিন ও জেসমিন সুলতানা পারু।