ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন ও অসচ্ছল ১০০ শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই ফ্লোরে আয়োজিত এক অনুষ্ঠানে ৩৬ লাখ টাকার বৃত্তির চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুস সায়াদাত।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য নিয়াজ আহমদ খান বলেন, সোশ্যাল ইসলামী ব্যাংক কঠিন পরিস্থিতির মধ্যেও শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। এটি একটি মহৎ উদ্যোগ। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ডাকে তারা সাড়া দিয়েছেন, এজন্য তাদের ধন্যবাদ জানাই।
ব্যাংকের চেয়ারম্যান ড. এম সাদিকুল ইসলাম বলেন, আমাদের ব্যাংক বড় সংকটের মধ্যে দিয়ে গেছে। কিন্তু তারপরও আমরা শিক্ষার্থীদের সহায়তা করতে পেরেছি। তিনি আরো বলেন, অনেক শিক্ষার্থী গ্রাম থেকে এসে টাকার অভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারে না। সবাই যদি সামাজিক দায়িত্ব পালন করত, তাহলে এমনটা হতো না।
অ্যাসোসিয়েশনের জন্য একটি তহবিল গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, যদি এমন একটি উদ্যোগ নেয়া হয়, তাহলে সোশ্যাল ইসলামী ব্যাংক পাশে থাকবে।
ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) নাজমুস সায়াদাত বলেন, বিগত সময়ে ব্যাংকটি দুর্নীতির কবলে পড়েছিল। এখন এটি মুক্ত হয়েছে এবং শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে এসেছে। তিনি আরো জানান, ভবিষ্যতেও এই বৃত্তি প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে।
বৃত্তি পাওয়া বিজয় একাত্তর হলের শিক্ষার্থী জাকারিয়া বলেন, এ সহায়তা আমাদের স্বপ্ন পূরণের আশা জাগিয়ে রাখছে। ভবিষ্যতে আমিও এমন উদ্যোগে অংশ নিতে চাই।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব আব্দুল বারী ড্যানী। —বিজ্ঞপ্তি










