বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) বাজারে নিজেদের অবস্থান শক্ত করছে চীনের স্মার্টফোন নির্মাতা শাওমি। গত মাসে বিশ্বজুড়ে ৫০ হাজারের বেশি ইভি সরবরাহ করেছে প্রতিষ্ঠানটি। ২০২৬ সালে এখন পর্যন্ত একক মাসে এটাই প্রতিষ্ঠানটির সর্বোচ্চ বিক্রি। এর মধ্য দিয়ে চলতি বছরের প্রথম ১০ মাসে (জানুয়ারি-অক্টোবর) শাওমির মোট গাড়ি বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩ লাখ ৩৬ হাজারে। খবর রয়টার্স।
বছর শেষে ৫ লাখ ৫০ হাজার গাড়ি সরবরাহের লক্ষ্য রয়েছে কোম্পানিটির। সে হিসাবে ১০ মাসে বার্ষিক লক্ষ্যের প্রায় ৬১ শতাংশ পূরণ করতে পেরেছে শাওমি।
প্রযুক্তিপণ্য নির্মাতা হিসেবে পরিচিত শাওমি ২০২১ সালে ইভি গাড়ি তৈরির ঘোষণা দেয়। এর মধ্য দিয়ে চীনের দ্রুতবর্ধনশীল ইভির বাজারে প্রবেশের প্রস্তুতি শুরু করে প্রতিষ্ঠানটি।
২০২৩ সালে উন্মোচনের পরের বছর ‘এসইউ৭’ মডেলের প্রথম ইভিটি বাজারে আনে শাওমি।এরপর ২০২৪ সালের মার্চে আনুষ্ঠানিকভাবে প্রথম ইভি ‘এসইউ৭’ বাজারে আনে শাওমি। একই বছরের ৩ এপ্রিল গ্রাহকদের কাছে গাড়ি সরবরাহ শুরু হয়।
এসইউ৭ একটি বিদ্যুচ্চালিত সেডান। গাড়িটির নকশা, প্রযুক্তি ও পারফরম্যান্সের মাধ্যমে বাজারে প্রতিষ্ঠিত ব্র্যান্ডগুলোর সঙ্গে প্রতিযোগিতায় নামার চেষ্টা করে শাওমি।
বিশেষ করে টেসলার মডেল ৩-এর সঙ্গে প্রতিযোগিতার লক্ষ্য নিয়ে গাড়িটি তৈরি করা হয় বলে মনে করেন অনেকে। এরপর ২০২৫ সালে এসইউ৭ আলট্রা ও ওয়াইইউ৭ নামের আরো দুটি মডেল বাজারে আনে প্রতিষ্ঠানটি। এর মধ্যে ওয়াইইউ৭ স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (এসইউভি)।










