বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন, গত পাচঁ-ছয় মাস ধরে দেখছি, প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। এভাবে কেন দাম বাড়ছে সেটা আমাদের অনুসন্ধান করতে হবে। দেশের যে সমস্যাগুলো রয়েছে সে সমস্যা থেকে উত্তরণের জন্য সরকারের একটি সঠিক ও পরিপূর্ণ পরিকল্পনা থাকতে হবে।
রোববার (২ ফেব্রুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বণিক বার্তা আয়োজিত পলিসি কনক্লেভে এসব কথা বলেন তিনি। ‘খাদ্যপণ্যের যৌক্তিক দাম: বাজার তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধান’ শিরোনামে এ পলিসি কনক্লেভ অনুষ্ঠিত হয়।
উমামা ফাতেমা বলেন, আগামী রমজানকে কেন্দ্র করে দ্রব্যের মূল্য কোন অবস্থায় যাবে আমরা জানি না। বিগত সময়ে দেখেছি, রোজাকে সামনে রেখে পণ্যের দাম বৃদ্ধি করা হয়। সেখানে সরকারকে যথাযথ তদারকি করতে হবে। সে জন্য বাজার নিয়ন্ত্রণ করতে হলে সরকারকে সঠিক একটি পরিকল্পনা করতে হবে।
তিনি আরো বলেন, বাজারে গত ১৫ বছর ধরে একটি সিস্টেম চলে আসছিল। এখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে। বলা হয়েছে, আগামী এক বছর তারা থাকবে। তাদেরকে স্পষ্ট করতে হবে, বাজার নিয়ন্ত্রণে কী পরিকল্পনা করা হচ্ছে। আমরা দেখেছি, রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ ফল। এবারও ফলের ওপর শুল্ক বৃদ্ধি করা হয়েছে। রমজানে ফল প্রয়োজনীয় জিনিস। এখন ফলের উপর শুল্ক বৃদ্ধি করলে ফলের দাম বাড়বে এবং সে চাপটা পড়বে ভোক্তাদের ওপর।
কৃষিতে ভর্তুকির বিষয়ে তিনি বলেন, কৃষকদের ভর্তুকির বিষয়টি কৃষকদের কাছে যায় না। এটা শুধুমাত্র কৃষি উপকরণ ক্রয়ে দেয়া হয়। কিন্তু কৃষকদের কাজে ভর্তুকি সেভাবে পাচ্ছেন না তারা। তাই বলব, সরকারকে একটি সঠিক পরিকল্পনা করতে হবে। আগের সরকারের মত ব্যবসায়ীদের দায়মুক্তি দিয়ে খুচরা বিক্রেতার ওপর নিয়ন্ত্রণ করলে হবে না। সুষ্ঠু তদারকির মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা যেতে পারে।










