সম্প্রতি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিক বেড়েছে। এর পেছনে কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ৯ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারদর ছিল ১৮৯ টাকা ৩০ পয়সা। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর বেড়ে দাঁড়িয়েছে ২৩৬ টাকা ৩০ পয়সায়। 

চলতি ২০২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) কোম্পানিটি ২৯৬ কোটি ৩৮ লাখ টাকা নিট প্রিমিয়াম আয় করেছে, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৬১ কোটি ৩ লাখ টাকা। 

তথ্য অনুসার, চলতি বছরের ৩০ জুন শেষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের জীবন বীমা তহবিলের আকার দাঁড়িয়েছে ৬৩৫ কোটি ৩২ লাখ টাকায়, গত বছরের একই সময়ে যা ছিল ৬২২ কোটি ৬৮ লাখ টাকা।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। 

আলোচ্য হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে ৩৭৮ কোটি ৭ লাখ টাকা নিট প্রিমিয়াম আয় করেছে, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩১৪ কোটি ২৯ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট প্রিমিয়াম আয় বেড়েছে ২০ শতাংশ। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের জীবন বীমা তহবিলের আকার দাঁড়িয়েছে ৬২২ কোটি ৬৮ লাখ টাকায়, গত বছরের একই সময়ে যা ছিল ৬১৩ কোটি ৬ লাখ টাকা। 

সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য মোট ১৭ শতাংশ লভ্যাংশের ঘোষণা করেছিল প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ। এর মধ্যে ১১ শতাংশ নগদ ও ৬ শতাংশ স্টক লভ্যাংশ। সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে প্রগতি লাইফের পরিচালনা পর্ষদ। ২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডাররা ২০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন। 

২০১৮ হিসাব বছরের জন্য ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য প্রগতি লাইফ ২৫ শতাংশ লভ্যাংশ দেয়। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ। ২০১৬ হিসাব বছরের জন্য ৮ শতাংশ নগদ ও ১৭ শতাংশ স্টক লভ্যাংশ দেয় তারা। 

প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের সার্ভিলেন্স রেটিং দীর্ঘমেয়াদে ‘ডাবল এ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-ওয়ান’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও চলতি বছরের ৭ মে পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।

২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রগতি লাইফের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৩২ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ২৫ লাখ ৪৫ হাজার ২৮৮। এর মধ্যে ৩৮ দশমিক ৬২ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের কাছে, ২৪ দশমিক ৩১ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৩৭ দশমিক শূন্য ৭ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ৮৮ টাকা ৪০ পয়সা থেকে ২০০ টাকার মধ্যে ওঠানামা করেছে।