স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০১ কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার সংসদে বাজেট বক্তৃতায় এ তথ্য জানান তিনি।
এর আগে ইসির বাজেট শাখা সূত্রে জানা যায় যে, গত অর্থবছরে কমিশনকে দেয়া হয়েছিল ৩ হাজার ১৫০ কোটি টাকা, যার মধ্যে প্রায় ২ হাজার ২৫৬ কোটি টাকা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ব্যয় হয়।
সে হিসেবে এবারের বাজেটে ইসির জন্য প্রাক্কলিত বাজেট বেড়েছে প্রায় ১ হাজার ৪৪১ কোটি টাকা। এর মধ্যে পরিচালন ব্যয় বেড়েছে প্রায় ৩৭৪ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয় বেড়েছে প্রায় ৫২৮ কোটি টাকা।
এবার বাজেটের আগে কমিশন সূত্রে জানা গিয়েছিল যে, ইসি তাদের কার্যক্রম পরিচালনার জন্য সরকারের কাছে প্রায় ৫,৫০০ কোটি টাকার বাজেট চেয়েছিল। স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্যই মূলত অর্থের যোগান চাওয়া হয়। সামনেই ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন ও জেলা পরিষদের নির্বাচন একসাথে আয়োজন করতে হবে।
সরকারের কাছে চাওয়া ৫ হাজার ৫০০ কোটি টাকার মধ্যে- ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ হাজার ৯০০ কোটি টাকা, সিটি করপোরেশন নির্বাচনে ৩৩০ কোটি টাকা, পৌরসভা নির্বাচনে ৩০০ কোটি টাকা এবং উপজেলা পরিষদ নির্বাচনে ২ হাজার কোটি টাকা খরচ হতে পারে জানিয়েছিল ইসি।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বড় সিটি করপোরেশনের প্রতিটি নির্বাচনে প্রায় ৩০ থেকে ৩৫ কোটি টাকা খরচ হয়, আর ছোটগুলোর ক্ষেত্রে খরচ হয় ২০ থেকে ২২ কোটি টাকা।










