তালিকাভুক্ত ট্রাস্ট ব্যাংক লিমিটেডের চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা বেড়েছে। আলোচ্য সময়ে ব্যাংকটির সমন্বিত নিট মুনাফা হয়েছে ১৪০ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৩৭ কোটি টাকা। ব্যাংকটির দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) মূল্যসংবেদনশীল তথ্যের মাধ্যমে এ তথ্য জানা গেছে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪ হিসাব বছরের প্রথমার্ধে ট্রাস্ট ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৫ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১ টাকা ৬১ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৬১ পয়সায়।
এছাড়া চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ২৭ পয়সা। যেখানে আগের হিসাব বছরে একই প্রান্তিকে ছিল ১ টাকা ৩২ পয়সা।
২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে ট্রাস্ট ব্যাংক। এর মধ্যে ১২ শতাংশ নগদ ও ৮ শতাংশ স্টক লভ্যাংশ। সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৪ টাকা ৯৭ পয়সা। যেখানে আগের হিসাব বছরে সমন্বিত ইপিএস ছিল ৩ টাকা ৪১ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২৭ টাকা ২৪ পয়সায়।
২০২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদের পাশাপাশি ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি। আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২২ হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৭৫ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৫২ পয়সা।
ডিএসইতে গত বৃহস্পতিবার ট্রাস্ট ব্যাংক শেয়ারের সর্বশেষ দর ছিল ২৬ টাকা ৯০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ২৩ টাকা ৯০ পয়সা ও ৩১ টাকা ৮০ পয়সা।










