এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। কোম্পানিটির ব্যাংক হিসাব জব্দ থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও উভয় স্টক এক্সচেঞ্জকে ৭ সেপ্টেম্বর চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে এসকে ট্রিমস কর্তৃপক্ষ।
চিঠিতে এসকে ট্রিমস কর্তৃপক্ষ জানিয়েছে, কোম্পানিটি শতভাগ রফতানিমুখী ও ব্যাংকের মাধ্যমে লেনদেন হয়। গত জুন থেকে এমনকি ব্যাংক হিসাব জব্দের পরও উৎপাদন চালিয়ে যাওয়ার চেষ্টা করছিল কোম্পানিটি। বর্তমানে কোম্পানিটি উৎপাদন সচল রাখার কোনো উপায় নেই। তবে কোম্পানির ব্যাংক হিসাব চালু হলে উৎপাদন শুরু করা হবে। এ বিষয়ে পরবর্তী সময়ে সবাইকে জানানো হবে।
চিঠিতে জানানো হয়েছে, গত ২৫ জুন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এসকে ট্রিমসের ব্যাংক হিসাব জব্দ করে। এরপর রফতানি, রাজস্ব, কর্মসংস্থান সৃষ্টি ও সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় কোম্পানিটির অনুরোধে ১০ জুলাই বাংলাদেশ ব্যাংক হিসাবটি চালু করে দেয়। কিন্তু ১১ জুলাই দুর্নীতি দমন কমিশনের (দুদক) সুপারিশের পরিপ্রেক্ষিতে মহানগর সেশন জজের আদালত ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইউ) কোম্পানিটির ব্যাংক হিসাব জব্দ করে। এর কারণ হিসেবে কোম্পানিটিতে রাজস্ব বোর্ডের (এনবিআর) আলোচিত কর্মকর্তা মতিউর রহমানের মালিকানার কথা বলা হয়। কিন্তু কোম্পানিটিতে মতিউর রহমান এবং তার পরিবারের কেউ পর্ষদে নেই এবং তাদের সরাসরি মালিকানাও নেই।










