দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সূচকের পাশাপাশি দৈনিক লেনদেনের পরিমাণ বেড়েছে। এদিন এক্সচেঞ্জটির প্রধান সূচক ডিএসইএক্স দশমিক ৩০ শতাংশ এবং দৈনিক লেনদেনের পরিমাণ ৬ দশমিক ৬ শতাংশ বেড়েছে। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সূচক কমলেও দৈনিক লেনদেন বেড়েছে ৭ দশমিক ৬ শতাংশ।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৭৮ পয়েন্টে। ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৮৮ পয়েন্টে অবস্থান করছে। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ১২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৯ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা ছিল ইসলামী ব্যাংক, বীকন ফার্মাসিউটিক্যালস, গ্রামীণফোন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির (বিএটিবিসি) শেয়ারের।
গতকাল ডিএসইতে ৭১৯ কোটি টাকা লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসে ছিল ৬৭৪ কোটি টাকা। সে হিসাবে এক্সচেঞ্জটিতে লেনদেন বেড়েছে ৬ দশমিক ৬ শতাংশ। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ৯৩টির, কমেছে ২৬২টির আর অপরিবর্তিত ছিল ৪০টি সিকিউরিটিজের বাজারদর।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ২১ দশমিক ৪ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ব্যাংক খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ দশমিক ৯ শতাংশ দখলে নিয়েছে ওষুধ ও রসায়ন খাত। ১০ দশমিক ২ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে টেলিযোগাযোগ খাত। ৮ দশমিক ৪ শতাংশ লেনদেনের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল বস্ত্র খাত। আর ৮ দশমিক ১ শতাংশ লেনদেনের ভিত্তিতে পঞ্চম অবস্থানে রয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাত।
গতকাল ডিএসইতে ইতিবাচক রিটার্নে শীর্ষে ছিল মিউচুয়াল ফান্ড, টেলিযোগাযোগ এবং খাদ্য ও আনুষঙ্গিক খাত। এ তিন খাতে ইতিবাচক রিটার্ন এসেছে যথাক্রমে ১ দশমিক ৬, ১ দশমিক ৫ ও ১ শতাংশ। অন্যদিকে নেতিবাচক রিটার্নে শীর্ষে ছিল সিরামিক, পাট এবং কাগজ ও মুদ্রণ খাত। এ তিন খাতে নেতিবাচক রিটার্ন এসেছে যথাক্রমে ৩ দশমিক ৯, ৩ ও ১ দশমিক ৯ শতাংশ।
এদিকে সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল প্রায় ৩ পয়েন্ট কমে ৯ হাজার ৭৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল প্রায় ১১ পয়েন্ট কমে ১৬ হাজার ১৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৪২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ১৪৮টির আর অপরিবর্তিত ছিল ২৫টির বাজারদর। গতকাল সিএসইতে ১২ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১১ কোটি টাকা।










