বাংলাদেশী বিজ্ঞাপনী সংস্থা এরেনা মিডিয়া নতুন যাত্রা শুরু করেছে মার্কিন প্রতিষ্ঠান স্ট্যাগওয়েলের সঙ্গে। সোমবার (৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এরেনা মিডিয়া বাংলাদেশ এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপনী সংস্থা এরেনা মিডিয়া বাংলাদেশ ২০০৯ সাল থেকে মিডিয়া বিজ্ঞাপন, ক্রিয়েটিভ সার্ভিস ও পাবলিক রিলেশন নিয়ে কাজ করছে। এবার নিউইয়র্কভিত্তিক প্রযুক্তি মার্কেটিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্ট্যাগওয়েলের সঙ্গে যুক্ত হয়ে তাদের সেবায় নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে সংস্থাটি।

এরেনা মিডিয়ার ম্যানেজিং ডিরেক্টর মাজহারুল হক চৌধুরী বলেন, ‘আমরা স্ট্যাগওয়েলের সঙ্গে কাজ করতে পেরে আনন্দিত। তাদের বৈশ্বিক অভিজ্ঞতা আমাদের সেবাকে আরো উন্নত করবে।’

এরেনা মিডিয়া বাংলাদেশ এবং স্ট্যাগওয়েলের সম্মিলিত প্রয়াসে দেশের বিজ্ঞাপন জগতে নতুন যুগের সূচনা হবে বলে সংশ্লিষ্ট সবাই আশাবাদী।

উল্লেখ্য, স্ট্যাগওয়েলের প্রতিষ্ঠাতা মার্ক জে. পেন ২০১৫ সালে সাবেক মাইক্রোসফট সিইও স্টিভ বলমারের বিনিয়োগে প্রতিষ্ঠানটি শুরু করেন। বর্তমানে বিশ্বব্যাপী ৩২টি দেশে ৭২টি এজেন্সির মাধ্যমে ১৩ হাজারেরও বেশি কর্মী নিয়ে কাজ করছে স্ট্যাগওয়েল। তাদের বার্ষিক রাজস্ব আয় ২০০ কোটি মার্কিন ডলার।— বিজ্ঞপ্তি