ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির সেকেন্ড পারপেচুয়াল বন্ডের পর্ষদ চলতি বছরের ৭ আগস্ট থেকে আগামী বছরের ৬ ফেব্রুয়ারি অর্ধবার্ষিক সময়ের জন্য ১০ শতাংশ কুপন রেট ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে বন্ডের পর্ষদ চলতি বছরের ৭ ফেব্রুয়ারি থেকে আগামী ৬ আগস্ট অর্ধবার্ষিক সময়ের জন্য ১০ শতাংশ কুপন রেট ঘোষণা করে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ আগস্ট।
চলতি বছরের ৮ ফেব্রুয়ারি ডিএসইতে ‘এন’ ক্যাটাগরিতে বন্ডটির ইউনিট লেনদেন শুরু হয়।
গত ১৮ জানুয়ারি ইউসিবি সেকেন্ড পারপেচুয়াল বন্ডের সাবস্ক্রিপশন শেষ হয়। যোগ্য বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহের জন্য এ সাবস্ক্রিপশন ১৪ জানুয়ারি শুরু হয়েছিল। ইউসিবি সেকেন্ড পারপেচুয়াল বন্ডের ন্যূনতম সাবস্ক্রিপশনের পরিমাণ ছিল ৫ হাজার টাকা বা এর গুণিতক। এতে সর্বোচ্চ কোনো সীমা রাখা হয়নি।
গত বছরের ২৬ জুন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৭৩তম সভায় ইউসিবির ৩০০ কোটি টাকার সেকেন্ড পারপেচুয়াল বন্ডের অনুমোদন দেয়া হয়েছিল। গত মাসে বন্ড ইস্যুর সম্মতি দেয় সংস্থাটি। বন্ডটি আনসিকিউরড, কনটিনজেন্ট-কনভার্টেবল, ফুললি পেইড-আপ নন-কিউমুলেটিভ। এর মধ্যে ২৭০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ও ৩০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডটির কুপন হার ৬-১০ শতাংশ। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ হাজার টাকা। বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থে ইউসিবি টায়ার-১ মূলধন ভিত্তি শক্তিশালী করবে।










