সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০ আগস্ট আহ্বান করা হয়েছিল। অনিবার্য কারণবশত কোম্পানিটির সভা স্থগিত করা হয়েছে। এজিএমের নতুন তারিখ পরে জানাবে কোম্পানিটি। গতকাল ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ্য অনুসারে, সভায় সর্বশেষ সমাপ্ত ২০২৩ হিসাব বছরের জন্য দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশে বিনিয়োগকারীদের অনুমোদন নেয়া হবে।

সানলাইফের জীবন বীমা তহবিল গত ৩১ মার্চ শেষে ৫১ কোটি ৫৫ লাখ টাকায় দাঁড়িয়েছে, আগের বছরের একই সময় শেষে যা ছিল ৪৭ কোটি ২৮ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির জীবন বীমা তহবিল বেড়েছে ৯ শতাংশ। 

চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির মোট আয়ের তুলনায় ৫ কোটি ৭৭ লাখ টাকা বেশি ব্যয় হয়েছে, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯ কোটি ৭১ লাখ টাকা।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ সুপারিশ করেনি কোম্পানিটির পর্ষদ। লোকসানের কারণে ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করা হয়নি।

২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোম্পানিটি ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ২০১৯ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি তারা। আগের হিসাব বছরেও কোনো লভ্যাংশ পাননি কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।