আন্তর্জাতিক বাজারে আবারো কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ভূরাজনৈতিক উত্তেজনা শিথিল হওয়া ও চীনে কভিড সংক্রমণ শনাক্তের হার বাড়ায় জ্বালানিটির বাজারে নিম্নমুখী প্রভাব পড়েছে। খবর রয়টার্স।
পোল্যান্ড ও ন্যাটো জানিয়েছে, পোল্যান্ড সীমান্তে বিস্ফোরিত হওয়া ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার নয়। এ মন্তব্যের পর আন্তর্জাতিক রাজনৈতিক মহলে সৃষ্ট উত্তেজনা প্রশমিত হয়েছে। বিষয়টি জ্বালানি তেলের দাম নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে।
তথ্য বলছে, গতকাল অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ১ দশমিক ৪ শতাংশ বা ১ ডলার ৩০ সেন্ট কমেছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৯১ ডলার ৫৬ সেন্টে। অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ১ দশমিক ৪২ ডলার বা ১ দশমিক ৭ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৮৪ ডলার ১৭ সেন্টে।
চীনে নতুন করে করোনা সংক্রমণের হার ব্যাপক বেড়েছে। প্রতিদিনই রেকর্ডসংখ্যক আক্রান্ত শনাক্ত হচ্ছে। ফলে আবারো কঠোর বিধিনিষেধ আরোপ করেছে বিশ্বের শীর্ষ জ্বালানি তেল আমদানিকারক দেশটি। এতে দেশটিতে জ্বালানি তেলের চাহিদা দুর্বল। আন্তর্জাতিক বাজারে দাম কমার পেছনে এটিও বড় কারণ।










