সপ্তাহের শুরুতে গতকাল দেশের পুঁজিবাজারে সূচকের নিম্নমুখিতায় লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স কমেছে ২ শতাংশের বেশি। পাশাপাশি এক্সচেঞ্জটিতে দৈনিক লেনদেনের পরিমাণ কমেছে ৫১ দশমিক ৯ শতাংশ। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গতকাল সূচক ও লেনদেন নিম্নমুখী ছিল।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরুর পরই শেয়ার বিক্রির চাপে পয়েন্ট হারাতে থাকে সূচক, যা লেনদেন শেষ হওয়া পর্যন্ত বজায় ছিল। গতকাল দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ১২৫ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৭৭৯ পয়েন্টে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৯০৪ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস ২৫ পয়েন্ট কমে ১ হাজার ২৪০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ২৬৪ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস ৩০ আগের দিনের তুলনায় ৫৩ পয়েন্ট কমে ২ হাজার ১২৭ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ১৭৯ পয়েন্ট।
গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি, গ্রামীণফোন, ব্র্যাক ব্যাংক, রেনাটা ও লাফার্জহোলসিম। এসব কোম্পানির একত্রে দর কমেছে ৪৬ দশমিক ৩ পয়েন্ট।
গতকাল ডিএসইতে মোট ৪৮১ কোটি টাকা লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৯৯৯ কোটি টাকা। গতকাল ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ১৮টির, কমেছে ৩৬৬টির আর অপরিবর্তিত ছিল ১৪টির বাজারদর।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইতে মোট লেনদেনের ১৮ দশমিক ৩ শতাংশ নিয়ে শীর্ষে ছিল ব্যাংক খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ দশমিক ১ শতাংশ লেনদেন ছিল ওষুধ ও রসায়ন খাত। আর ১২ দশমিক ১ শতাংশ লেনদেন নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে টেলিযোগাযোগ খাত।
গতকাল ডিএসইতে সব খাতের শেয়ারে নেতিবাচক রিটার্ন এসেছে। নেতিবাচক রিটার্নে শীর্ষে ছিল টেলিযোগাযোগ, পাট, জীবন বীমা, কাগজ ও ভ্রমণ খাত।
অন্যদিকে সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ১৯৪ পয়েন্ট কমে ১০ হাজার ৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১০ হাজার ২৫৯ পয়েন্ট। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ৩১৬ পয়েন্ট কমে ১৬ হাজার ৭১৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১৭ হাজার ৩২ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫টির, কমেছে ২০০টির আর অপরিবর্তিত ছিল নয়টির বাজারদর। গতকাল সিএসইতে ৮ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১১ কোটি টাকা।










