ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সরকারিভাবে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ইমপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড তৈরি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত সচিব (রফতানি) মো. আবদুর রহিম খান।

রোববার (২ ফেব্রুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁয়ে বণিক বার্তা আয়োজিত পলিসি কনক্লেভে এ কথা বলেন তিনি। ‘খাদ্যপণ্যের যৌক্তিক দাম: বাজার তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধান’ শিরোনামে এ পলিসি কনক্লেভ অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, বাজারে বড় বড় খেলোয়াড়দের (ব্যবসায়ী) পাশাপাশি খুচরা ব্যবসায়ী যারা ছোট ব্যবসা করে তাদেরকে যদি সুযোগ করে দিতে পারি তাহলে বাজারে পণ্যের দাম সহনীয় করা যেতে পারে। এজন্য বাণিজ্য মন্ত্রণালয় একটি ইমপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড তৈরি করতে যাচ্ছে। যেখান থেকে এসব ক্ষুদ্র ব্যবসায়ীরা নিত্যপণ্য আমদানিতে একটি সহযোগিতা পাবে। স্বল্প সুদে ঋণ নিতে পারবে। এর পাশাপাশি আমাদের কৌশলগত মজুদের দিকে নজর দিতে হবে। এখানে কৃষি মন্ত্রণালয় ভূমিকা পালন করতে পারে। কারণ তারা উৎপাদনের পাশাপাশি বিপণনের সঙ্গে জড়িত। পণ্যের ক্ষেত্রে যদি আমরা এমআইএস গড়ে তুলতে পারি তাহলে কৌশলগত মজুদ তৈরির সুযোগ তৈরি হবে, যা বাজার নিয়ন্ত্রণে সহায়তা প্রদান করবে এবং দাম সহনীয় থাকবে।

কৃষক সমবায় গঠন গুরুত্বপূর্ণ জানিয়ে তিনি বলেন, কৃষকদের বাজারের সঙ্গে সম্পৃক্ত করা গুরুত্বপূর্ণ। আগে কৃষকদের সমবায় পদ্ধতি ছিল। সেখানে ভোক্তার কাছে কৃষকের উৎপাদিত পণ্য পৌঁছে দেয়া সহজ হতো। কিন্তু করপোরেট বা অন্য কোনো কারণে সে সমবায় পদ্ধতি হয়তো এখন নাই। মন্ত্রণালয় সেক্ষেত্রে নজর দিতে পারে।