পুঁজিবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইলস লিমিটেডের পর্ষদ ওয়েস্ট ফ্যাব্রিকস রিসাইকেলিং প্লান্ট স্থাপন অর্থাৎ বর্জ্য বা ঝুট থেকে কাপড় উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির বর্তমান কারখানা প্রাঙ্গণে এটি স্থাপন করা হবে। গতকাল ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, উৎপাদিত কাপড়ের বর্জ্য ও ব্যবহৃত কাপড়ের বর্জ্য রিসাইকেল করে উন্নত মানের ফ্যাব্রিকস তৈরি করা হবে। ইউনিটটিতে দৈনিক ১২ টন কাপড় রিসাইকেল করা হবে, যা থেকে ৯৮ শতাংশ কাপড় উৎপাদন করা যাবে। ইউনিট স্থাপনে ২৩ কোটি ৭০ লাখ টাকা ব্যয় হবে। এর ৭০ শতাংশ ঋণ ও ৩০ শতাংশ কোম্পানির মূলধন থেকে সংগ্রহ করা হবে।
৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৯৫ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৫১ টাকা ৯৩ পয়সায়।
এদিকে
ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায়
বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২ নভেম্বর বার্ষিক
সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে।










