বীমা খাতের তালিকাভুক্ত প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি ২০২৪ হিসাব বছরের প্রথমার্ধে মুনাফা কমেছে ১৫ দশমিক ২৩ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৫১ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ্য অনুসারে, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৩ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৮২ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ২১ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৩ হিসাব বছরে ঘোষিত ১২ শতাংশ নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে কোম্পানিটি। ওই বছর প্রাইম ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ২ টাকা ৪৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৩৮ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২০ টাকা ৯৩ পয়সায়।

২০০১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৪০ কোটি ৮৭ লাখ ৭০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৪৪ কোটি ৭০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৮ লাখ ৭৭ হাজার ৪৯৮। এর মধ্যে ৩০ দশমিক শূন্য ৪ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে।