সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে ক্রয়াদেশ বা কার্যাদেশপ্রাপ্তির ক্ষেত্রে ঠিকাদার প্রতিষ্ঠানের পক্ষে ব্যাংক কর্তৃক ইস্যুকৃত কার্য সম্পাদন জামানত নগদায়নে বিভিন্ন ব্যাংক থেকে অযাচিত কালক্ষেপণ ও অসহযোগিতা করা হচ্ছে বলে অভিযোগ পেয়েছে বাংলাদেশ ব্যাংক। এ পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, কার্য সম্পাদন জামানত নগদায়নের ক্ষেত্রে চুক্তির শর্তাবলি ও সরকারি বিধিবিধান যথাযথ অনুসরণ করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংকিং প্রবিধি ও নীতি’ বিভাগ থেকে গতকাল এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে ক্রয়াদেশ প্রাপ্তির ক্ষেত্রে কার্য সম্পাদন জামানত একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হয়। এ ধরনের ক্রয়াদেশ সংশ্লিষ্ট চুক্তির অধীন কোনো শর্ত পূরণে ঠিকাদার প্রতিষ্ঠানের ব্যর্থতার কারণে ক্রয়াদেশ প্রদানকারী ক্ষতিগ্রস্ত হলে তার লিখিত দাবির পরিপ্রেক্ষিতে জামানত ইস্যুকারী ব্যাংক অবিলম্বে ওই জামানত নগদায়নপূর্বক ক্রয়াদেশ প্রদানকারীকে চুক্তিতে নির্ধারিত পরিমাণ অর্থ প্রদান করবে মর্মে জামানত দলিলে ব্যাংক কর্তৃক অপরিবর্তনীয় এবং নিঃশর্ত অঙ্গীকার করা হয়ে থাকে। ফলে যথাসময়ে ওই জামানত নগদায়ন না করা হলে তা ভবিষ্যতে ঠিকাদার প্রতিষ্ঠানের ক্রয়াদেশ প্রাপ্তির ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে।
এ পরিপ্রেক্ষিতে কার্য সম্পাদন জামানত প্রদান করার ক্ষেত্রে ‘ডিউ ডিলিজেন্স’ অনুসরণ করার নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংক কর্তৃক প্রদানকৃত কার্য সম্পাদন জামানত নগদায়নের ক্ষেত্রে চুক্তির শর্তাবলি ও সরকারি বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।










