পুঁজিবাজারে সিমেন্ট খাতে তালিকাভুক্ত কোম্পানি হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসির গত সপ্তাহে ৯ দশমিক ২০ শতাংশ শেয়ারদর বেড়েছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির সমাপনী শেয়ারদর দাঁড়িয়েছে ৩১৮ টাকা ১০ পয়সায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ২৯১ টাকা ৩০ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের বিক্রি হয়েছে ৮২২ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে বিক্রি ছিল ১ হাজার ২১ কোটি টাকা। সে হিসাবে কোম্পানিটির বিক্রি কমেছে ১৯ দশমিক ৪৯ শতাংশ। চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ৪২ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ৪৮ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৪৫ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৮ টাকা ৪৬ পয়সায়। ৩১ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭২ টাকা ১৫ পয়সায়।

সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে হাইডেলবার্গের ইপিএস হয়েছে ৮ টাকা ১৩ পয়সা। যেখানে আগের হিসাব বছরে শেয়ারপ্রতি ৪ টাকা ১৩ পয়সা লোকসান হয়েছিল কোম্পানিটির। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬৭ টাকা ২০ পয়সায়। এর আগে ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করে কোম্পানিটি।