বাংলাদেশের বিজ্ঞাপন শিল্পের আর্থিক ব্যবস্থাপনা ও কর সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি এবং জটিলতা নিরসনের লক্ষ্যে ‘দ্য ভ্যাট অ্যান্ড ট্যাক্স প্লেবুক: ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ফর এজেন্সিজ’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এএএবি) প্রথমবারের মতো এই কর্মশালার আয়োজন করে। সম্প্রতি বনানী ক্লাবে আয়োজিত কর্মশালায় দেশের ৫০টিরও বেশি বিজ্ঞাপনী সংস্থার ফিন্যান্স ও একাউন্টস বিভাগের নির্বাহীরা অংশ নেন।
কর্মশালার উদ্বোধন করেন এএএবির সাধারণ সম্পাদক সৈয়দ আহসানুল আপন। তিনি বলেন, বিজ্ঞাপন খাত জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও এখনও অসংগঠিত। সঠিক নিয়ন্ত্রক সংস্থার অভাব, অসামঞ্জস্যপূর্ণ ভ্যাট ও কর নীতি এবং শিল্পখাতের স্বীকৃতির অভাব এর অন্যতম কারণ। তিনি আরো বলেন, এএএবি এজেন্সি ও সরকারের মধ্যে সেতু হিসেবে কাজ করতে চায়।
কর্মশালায় বক্তারা বলেন, বিজ্ঞাপন শিল্পের আর্থিক ব্যবস্থাপনা ও কর সংক্রান্ত জটিলতা নিরসনের লক্ষ্যে এএএবি সরকারের কাছে একটি প্রস্তাবনা উত্থাপন করবে।
কর্মশালায় কর ও ভ্যাট সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। অচিন্ত কুমার দাস কর ব্যবস্থাপনা এবং ফয়সাল ইসলাম ভ্যাট রিটার্ন ও কমপ্লায়েন্স নিয়ে কথা বলেন। মো. রমজান আলী ব্যাংকিং, বিলিং, চুক্তি ও নৈতিকতা নিয়ে আলোচনা করেন।
কর্মশালায় অংশগ্রহণকারীরা কর ও ভ্যাট সংক্রান্ত নিয়মকানুন সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করেন। ভবিষ্যতে এ ধরনের কর্মশালার আয়োজন করা হবে বলে জানিয়েছে এএএবি। —বিজ্ঞপ্তি










