বর্ণাঢ্য র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভাসহ নানা আয়োজনের মাধ্যমে ‘জাতীয় কৃষি দিবস ও নবান্ন উৎসব-২০২৪’ উদযাপন করেছে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ।
এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. সাহেব আলী প্রামাণিক, বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের সহযোগী অধ্যাপক মো. ইউসুফ হোসাইন খান, সভাপতিত্ব করেন কৃষি অনুষদের কো-অর্ডিনেটর কৃষিবিদ মেহেদী হাসান সোহেল। এছাড়াও অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ ধানের দেশ-গানের দেশ-পাখির দেশ। দেশের অর্থনীতি অনেকাংশে নির্ভর করে কৃষি ও কৃষকের ওপর। কিন্তু আমাদের দেশের কৃষকরা আজ নানা সমস্যায় জর্জরিত। তাদেরকে আধুনিকায়ন করা, গ্রামে গ্রামে কৃষি সমবায় সমিতি গড়ে তোলা এবং কৃষি বীমা চালু করা এখন সময়ের দাবি।
বিশেষ অতিথি বলেন, জাতীয় কৃষি দিবস কৃষকের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। সুতরাং পহেলা বৈশাখের মতো সারা দেশে জাতীয় কৃষি দিবসও উৎসবমুখর পরিবেশে পালন করা হোক।
অনুষ্ঠানের সভাপতি তার সমাপনী বক্তব্যে কৃষককে জাতির মেরুদণ্ড এবং সব সাধকের বড় সাধক বলে উল্লেখ করেন। জাতীয় কৃষি দিবস বাঙালির জাতীয় জীবনে অনাবিল আনন্দ, সুখ-শান্তি সমৃদ্ধি বয়ে আনুক এবং ‘কৃষিই কৃষ্টি, কৃষিই সমৃদ্ধি’ শ্লোগান সফল হোক এ আশাবাদ ব্যক্ত করেন। —বিজ্ঞপ্তি










