নির্ধারিত রেকর্ড ডেটের আগে আগামীকাল থেকে স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসি। আগামীকাল ও সোমবার কেবল স্পট মার্কেটে লেনদেন হবে ব্যাংকটির। এ সময় ব্যাংকটির ব্লক মার্কেটের লেনদেনও স্পট সেটেলমেন্ট সাইকেলের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। পরে মঙ্গলবার রেকর্ড ডেটের কারণে ব্যাংকটির লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে ব্যাংকটির নিট মুনাফা হয়েছে ৬৩৮ কোটি টাকা। আগের হিসাব বছরে যা ছিল ৪৭৮ কোটি টাকা। সে হিসাবে কোম্পানিটির মুনাফা বেড়েছে ৩৩ দশমিক ৫ শতাংশ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ২১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৯০ পয়সা। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ সুপারিশ করেছে। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ৩০ মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে।
সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য মোট ১২ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে সিটি ব্যাংকের পর্ষদ। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ২ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২২ হিসাব বছরে সিটি ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ৯৮ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৫৮ পয়সা (পুনর্মূল্যায়িত)। ওই বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ২৮ টাকা ২১ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ২৭ টাকা ২৭ পয়সায় (পুনর্মূল্যায়িত)।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে দ্য সিটি ব্যাংক। এর মধ্যে সাড়ে ১২ শতাংশ স্টক ও সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ রয়েছে। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৪ টাকা ৫৮ পয়সা।










